শিরোনাম
সরাসরি

বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫

১১: ৩৬

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজর কাছে নতুন ছাপানো জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজর কাছে নতুন ছাপানো জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর আছড়ে পড়ায় সেগুলোও ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, নতুন ছাপানো বলিভিয়ান বলিভিয়ানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানীর সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে কাছাকাছি একটি মহাসড়কে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে বিমানবন্দরের ফায়ার সার্ভিস প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন বিমানটির আরোহী এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়ির যাত্রী তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরা জানান, কার্গো বিমানটিতে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, দুজন এখনও নিখোঁজ। বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে এল আলতো যাচ্ছিল।