শিরোনাম

বছরের দীর্ঘতম রাত আজ

সিটিজেন-ডেস্ক­
বছরের দীর্ঘতম রাত আজ
দীর্ঘতম রাত আজ। ছবি: সংগৃহীত

বছরের দীর্ঘতম রাত আজ রবিবার (২১ ডিসেম্বর)। এ রাতেই চাঁদের আলো সঙ্গে নিয়ে চলতি বছরের দীর্ঘতম রাতের অভিজ্ঞতা নেবে সবাই। আপনি যদি ঘুমপ্রিয় হন, আজ রাতে একটু বেশি সময় ঘুমিয়ে নিতে পারবেন।

অন্যদিকে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দিনটি হবে বছরের ক্ষুদ্রতম দিন। এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। তবে বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ গোলার্ধে।

২১ ডিসেম্বর কেন বছরের দীর্ঘতম রাত?

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকার কারণেই রাত বড় হয়। মূলত ঋতু বদলের সঙ্গে দিন ও রাতের সময় বদলায়।

ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে। ফলে সেখানে তখন শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে।

ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে, দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয়। রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন। এর ফলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়।

উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন পালন করা হয়, যা ‘সামার সলসটিস’ নামে পরিচিত। এর ঠিক ছয় মাস পর আসে আজকের এই দীর্ঘতম রাত।