শিরোনাম

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিটিজেন-ডেস্ক­
রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
রাজশাহীতে বিজয় দিবস পালন। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে রাজশাহী মহানগরীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। এদিন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে এদিন সকাল ৯টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির আত্মপরিচয় অর্জনের দিন, পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। ১৯৭১ সালে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন সেই অকুতোভয় শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা-বোনদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থার প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে প্রদর্শন করা হয়।